রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্তৃপক্ষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো রামেক হাসপাতালের প্রতিবেদনে মৃত্যু ও আক্রান্তের তথ্য জানানো হয়।  

মৃতরা হলেন নাওগাঁ জেলার সাবিহা (৫৬) ও রাজশাহীর বাগমারার এলাকার মিঠু (৩০)। 

প্রতিবেদনে বলা হয়, সাবিহা গত ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ভর্তি হন । শারীরিক অবস্থার অবনতি হলে সেইদিনই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার কোন ট্রাভেল হিস্টরি ছিল না। এছাড়া ডেঙ্গু আক্রান্ত মিঠু বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন। তবে তারও কোন ট্রাভেল হিস্টরি ছিল না। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রামেক জানায়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে ১৭ জন মৃত্যু হয়েছে।