বিহার বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে। ২৪৩ আসনের এই বিধানসভায় এনডিএ ২০৮টি আসনে জয়ী হওয়ার দিকে এগিয়ে রয়েছে।
এনডিএর এই জয়ে প্রধান ভূমিকা পালন করেছে বিজেপি ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। বিজেপি এককভাবে ৯০টিরও বেশি আসনে জয় পেতে চলেছে, অন্যদিকে জেডিইউ পাচ্ছে ৮১টি আসন।
বিপরীতে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কংগ্রেস-বাম জোটের মহাগটবন্ধন পাচ্ছে মাত্র ৩৬টি আসন। আরজেডি ৪১টি আসনে এগিয়ে থাকলেও কংগ্রেসের অবস্থা শোচনীয়, মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে তারা।
এই নির্বাচনকে বিহারের মুখ্যমন্ত্রী পদে ১০ম বারের জন্য নীতিশ কুমারের দাবি প্রতিষ্ঠার লড়াই হিসেবে দেখা হচ্ছিল। অন্যদিকে তেজস্বী যাদবের লক্ষ্য ছিল বিহারের মসনদ দখল। তবে নির্বাচনের ফলাফল দেখিয়ে দিল, বিহারের মানুষ নীতিশ কুমারের ‘সুশাসন’ কেই আবারো সমর্থন জানালেন।
নির্বাচনী ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই একের পর এক আসনে এনডিএ এগিয়ে যেতে থাকে। এনডিএর জয়ের এই ধারা অব্যাহত থাকায় বিজেপি সদর দফতরে উৎসবের আমেজ বিরাজ করছে।
কংগ্রেসের শোচনীয় ফলাফল নিয়ে দলে সমালোচনার সুর। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, এটি হতাশাজনক। আমাদের আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, বিহারে দুই দফায় ভোটগ্রহণ শেষে শুক্রবার ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৭.১৩ শতাংশ। এবারের নির্বাচনে কোনো সহিংসতা বা পুনর্নির্বাচনের ঘটনা না ঘটায় নীতিশ সরকারের সুশাসনের পরিচয় মিলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।