গাজা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে তাদের নতুন পরিকল্পনার সমর্থনে প্রস্তাব তোলার প্রস্তুতি নেওয়ার মধ্যেই রাশিয়া একটি বিকল্প খসড়া জমা দিয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, রাশিয়া বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সামনে নিজস্ব খসড়া প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবের সঙ্গে যুক্ত নোটে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনাই তাদের উদ্যোগের ভিত্তি হিসেবে কাজ করেছে।
রাশিয়া বলছে, তাদের খসড়ার উদ্দেশ্য হলও সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধানে নিরাপত্তা পরিষদের জন্য একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ পথ তৈরি করা। প্রস্তাবে জাতিসংঘ মহাসচিবকে গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। তবে এতে মার্কিন প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নামের অন্তর্বর্তী প্রশাসনের উল্লেখ নেই।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের খসড়ায় গাজায় দুই বছরের অন্তর্বর্তী শাসনব্যবস্থা এবং একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন মনে করে, এই প্রস্তাবের পেছনে আঞ্চলিক সমর্থন আছে। তাদের সতর্কবার্তা এ মুহূর্তে নতুন বিভাজন সৃষ্টি হলে নাজুক যুদ্ধবিরতি ও ফিলিস্তিনদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় প্রক্রিয়া চলমান থাকলেও রাশিয়ার পাল্টা প্রস্তাব নিরাপত্তা পরিষদে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।