রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে একই নামের একটি চলচ্চিত্র। পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে সিনেমাটিতে অভিনয়ের কথা ছিল মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু শুটিং শুরুর আগেই পরিবর্তন আসে নায়িকার চরিত্রে। দীঘির পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা।
এরপর আগস্টে শুরু হয় প্রথম লটের শুটিং। এবার দ্বিতীয় লটের শুটিং শুরুর আগে নায়ক পরিবর্তনের খবর জানালেন নির্মাতা। ইমনের পরিবর্তে নায়ক হয়েছেন শিপন মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী নিজেই।
তিনি জানান, ‘ইমন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। প্রথম লটের শুটিংও তাকে ছাড়া করতে হয়েছিল। এখন সরকারি অনুদানের কাজ, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
ইমন জানিয়েছেন, দ্বিতীয় লটের শুটিংয়ের সময় দেশে ফিরতে পারবেন না। তাই তার সঙ্গে আলোচনা করেই শিপন মিত্রকে চুক্তিবদ্ধ করেছি। আশা করছি, শিপন চরিত্রটির যথাযথ রূপ দিতে পারবে। একই কারণে দীঘির জায়গায় নেওয়া হয় প্রভাকে।
‘দেনা পাওনা’ সিনেমায় শিপন অভিনয় করছেন এক জমিদারপুত্রের চরিত্রে। যিনি কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করেন। তার বিয়ে ঠিক হয় গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে। কিন্তু মেয়েটির দরিদ্র পিতা পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করেন। সেই নিরুপমার চরিত্রে অভিনয় করছেন প্রভা। সিনেমাটিতে আরও আছেন ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বিরসহ অনেকে। পরিচালক জানিয়েছেন, এ মাসের শেষ দিকেই শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের শুটিং।