আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন বাবর আজম। টানা ৮০৭ দিনের সেঞ্চুরি-খরা কাটিয়ে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ১১৯ বলে অপরাজিত ১০২ রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইম আয়ুব আউট হওয়ার পর ফখর জামানের সঙ্গে জুটি গড়েন বাবর। দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০০ রান। এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তৃতীয় উইকেটে আসে ম্যাচ জেতানো ১১১ রানের জুটি। আটটি চারসহ ৮৫.৭১ স্ট্রাইক রেটে খেলা বাবরের ইনিংসটি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও পরিপাটি।
তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস অপেক্ষার পর সেঞ্চুরি পেলেন বাবর। ঠিক যেন বিরাট কোহলির গল্প! ভারতের ব্যাটসম্যানও তাঁর ক্যারিয়ারে ২০১৯ সালের ২৩ নভেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত খরা কাটিয়ে ৮৩ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছিলেন ৮ সেপ্টেম্বর ২০২২ সালে।
বাবরের সেঞ্চুরি খরা শুরু হয়েছিল ২০২৩ সালের ৩১ আগস্ট থেকে। এর আগের দিন তিনি সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন নেপালের বিপক্ষে। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটিতে পাকিস্তানের ব্যাটসম্যান করেছিলেন ১৫১ রান।
জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে বাবর আজম
এই সেঞ্চুরির মাধ্যমে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় জাভেদ মিয়াঁদাদ ও সাঈদ আনোয়ারকে পিছনে ফেললেন বাবর আজম। মিয়াঁদাদ ও আনোয়ার দুজনেরই আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল ৩১টি।
জাভেদ মিয়াঁদাদ: ২৩ টেস্ট + ৮ ওয়ানডে
সাঈদ আনোয়ার: ১১ টেস্ট + ২০ ওয়ানডে
বাবর আজম: এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক সেঞ্চুরি -টেস্টে ৯, ওয়ানডেতে ২০, টি-টোয়েন্টিতে ৩
২০১৫ সালে অভিষেকের পর বাবর যেভাবে এগোচ্ছেন, তাতে পাকিস্তানের হয়ে ৫০ সেঞ্চুরি করাও তার পক্ষে সম্ভব বলে মনে করছে পাকিস্তানি ক্রিকেটমহল।l
২-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান
রাওয়ালপিন্ডির দ্বিতীয় ওয়ানডেতে ২৮৯ রান তাড়া করে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় পাকিস্তান। প্রথম ম্যাচে ৬ রানে জিতে সিরিজে এগিয়ে ছিল তারা। ফলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল বাবর–রিজওয়ানরা।
তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রবিবার (১৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষ্য থাকবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা।