ভ্যান বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১

মাদারীপুরে একটি অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার কালকিনি উপজেলার ভূরঘাটা কু-ুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে কু-ুবাড়ি এলাকায় এলে একটি অটোভ্যান বাসের সামনে এসে পড়ে। ওই ভ্যানটি বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন নিহত হন। এ সময় বাসের সামনের অংশের চাপা পড়ে আটকে থাকেন সুপারভাইজার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বাস দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।