দুই শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা সঙ্গে সঙ্গে সারা দেশে কার্যকর হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ট্রাম্প বলেন, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কিন্তু এই ধারণা সঠিক নয়। যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের ১০০টিরও বেশি দেশের রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, যা তিনি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ অর্জনের প্রয়োজনীয় পদক্ষপ হিসেবে বর্ণনা করেন।

এই শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ হ্রাস পায় এবং বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। সরকারি তথ্য অনুসারে, গত এক বছরে যুক্তরাষ্ট্রে গরুর মাংসের কিমার দাম ১৩ শতাংশ এবং স্টেকের দাম ১৭ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এই শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, এতে করে সাধারণ ভোক্তা, আমদানিকারক এবং খাদ্য সরবরাহ শৃঙ্খলের সাথে জড়িত সকলেই উপকৃত হবে।