রাজশাহীর তেরখাদিয়া এলাকায় বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামির পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ানকে কারণ দর্শানের নোটিশ দিয়েছে আদালত।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এ নোটিশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বরের মধ্যে আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেন, যা সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদালত উল্লেখ করে।
নোটিশে আরও বলা হয়, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় কেন আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৯ নভেম্বরের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।