নির্বাচনকে ইস্যু দেখিয়ে উন্নয়ন প্রকল্প যেন থেমে না থাকে: পরিবেশ উপদেষ্টা

আগামী নিবার্চনকে ইস্যু দেখিয়ে গৃহীত কোন প্রকল্পের উন্নয়ন কাজ যেন থেমে না থাকে সেই লক্ষে প্রকল্প এলাকার বিভাগীয় কমিশনার ও ইউএনওদের অনুরোধ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জের দাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঢাকা মহানগর ও উপজেলা এলাকায় ৪৪টি খাস পুকুর সংষ্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রকৃত মৎসজীবীরা খাল ইজারা নিতে পারেন না। এজন্যই প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রশাসনকে দেখতে হবে প্রকৃত মৎসজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছেন কি না।’

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, পরিবেশ রক্ষাটাও গণতন্ত্রের মতো। মানুষের আন্দোলনে পরিবেশ আন্দোলন সফল হয়েছে। আগে যেমন ছিলো এখনো তেমন হবে, এটার জন্য এতোগুলো বাচ্চারা জীবন দেয়নি।

পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ বাজারে প্রচলণ করার অভ্যাসকে উৎসাহিত করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পাটের ব্যাগে বাজার করার অভ্যাস করলে পলিথিনের ব্যবহার কমে যাবে।’

খাল রক্ষায় জেলা প্রশাসনকে মন্ত্রণালয়ের কাছে প্রকল্প পরিকল্পনা জমা দিতে বলা হবে জানিয়ে রিজওয়ানা হাসান, ‘ঢাকার খালগুলো আমরা যখন খনন করি, তা আবার ভরে যায়। বর্জ্য নিষ্কাশন ৫৪ বছরে হয়নি, এক বছরে কীভাবে সম্ভব হবে। এর দায় সবাইকেই নিতে হবে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন শুধু সড়ক আর বড় সেতু নয়, বড় মেগা প্রজেক্ট কেন্দ্রিকও হতে হবে। তবে মেগা প্রজেক্ট সবসময় সবার কাজে আসবে এমনটা নয়।’

মানবদেহে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পলিথিন শপিংব্যাগ বন্ধে সরকার ব্যর্থ হলে আপনার জিতে যাওয়ার সুযোগ নেই। সরকার বলার পরও উৎপাদন চালিয়ে গেছে পলিথিন ব্যবসায়ীরা। এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে সরকারের আদেশের পরও তা পালন করা হয় না। তবে সুপারশপ এখন আর পলিথিন দিচ্ছে না।’

পরিবেশ আন্দোলন জনগণের উপস্থিতিতে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ‘সাদাপাথরের পাথর তোলায় রাজনৈতিক দুবৃত্তায়ন প্রকাশ্যে আসার পর জনগণ রুখে দিয়েছে।’

অনুষ্ঠানে অণ্যদের মধ্য উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া প্রমুখ।