জামিন পেলেন হিরো আলম

গ্রেপ্তারের তিন ঘণ্টা পরই জামিন পেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।  এ সময় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় হিরো আলমের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন। 

এর আগে আজ দুপুর দেড়টা নাগাদ স্ত্রীর করা মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি মামলা করেন হাতিরঝিল থানায়।