ঘাটাইল

বিয়ের ৫ বছর পর স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর মর্যাদা দাবিতে স্বামী রাসেল মিয়ার বাড়িতে অনশন করছেন এক নারী। তারা পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে করেছেন বলে জানা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এ সময় রাসেল মিয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।

ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন সৌদি আরবে একসাথে কাজ করতেন। সেখানেই ৫ বছর পূর্বে বিয়ে করেন। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে আসেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন।উপায় না পেয়ে শনিবার বাংলাদেশে আসেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা পেতে রাসেল মিয়ার বাড়িতে অনশন করেন তিনি।

অনশনকারী ওই তরুণী জানান, রাসেল আবার বিদেশ যাবে বলে কয়েক দফায় আমার কাছ থেকে টাকা নেন। নানা সময়ে আমার সব আয়ের টাকা আমি রাসেলকে দিয়েছি। পরে জানতে পেরেছি রাসেল নতুন করে বিয়ে করেছে। হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই তরুণী আরো বলেন, আমি রাসেলের বৈধ স্ত্রী। আমি আমার স্বামীর সাথেই সংসার করতে চাই।

রামদেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাসেলের সাথে মেয়েটার সৌদিতে পরিচয়। বিয়ের কাগজপত্র মোবাইলে দেখেছি। তবে সঠিক কিনা সন্দেহ আছে। টাকাপয়সা দিয়েছে কিন্তু কত তা জানি না। 

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহফুজ মিয়া জানান, প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছেলে মেয়ে সৌদিতে ছিল। সেখানেই বিয়ে করেছে তারা। পরে রাসেল দেশে এসে নতুন করে অন্যত্র বিয়ে করেন। এদিকে আগের স্ত্রী রাসেলের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।