নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন; সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।’
এ বিষয়ে হাদি বলেন, আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শরীফ ওসমান হাদি।