সিদ্ধান্তে অনড় দীপিকা

প্রথমে ‘স্পিরিট’, তারপর ‘কল্কি ২৮৯৮’। পর পর দুই সিনেমা থেকে বাদ পড়েও সিদ্ধান্তে অনড় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা বলেন, ‘মাতৃত্ব আমার জীবনে সবকিছু বদলে দিয়েছে। ওই জন্য কথাতেই বলে, তুমি যখন একজন মা হবে তখনই বুঝতে পারবে। এই কথাটি ভীষণ সত্য। এখন আমি অনেক বেশি শ্রদ্ধা করি মায়েদের। তুমি হয়তো ভাববে যে কাজ এবং মাতৃত্ব একসাথে এগিয়ে নিয়ে যাবে কিন্তু বাস্তবে সেটা অনেক অনেক কঠিন। নতুন মায়েদের কাজে ফিরে আসার সময় অনেক বেশি সমর্থন করা উচিত বলে আমার মনে হয়।’ 

শিল্পীদের কেন ৮ ঘন্টার কাজ করা প্রয়োজন জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ‘আমরা এই অতিরিক্ত কাজ করাকে আমাদের জীবনে একটি স্বাভাবিক অঙ্গ বলে ভেবে নিয়েছি। আমরা যখন ভীষণ ক্লান্ত হয়ে যাই তখন সেটাকে প্রতিশ্রুতিবদ্ধ বলে ভুল করি। দিনে আট ঘন্টা কাজ যথেষ্ট একটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য। আপনি যদি সুস্থ থাকেন তবেই আপনি আপনার সেরাটা দিতে পারবেন। একজন ক্লান্ত ব্যক্তিকে কখনওই কাজ করাতে পারবেন না।’ 

দীপিকা আরও বলেন, ‘আমি আমার নিজের অফিসে সোমবার থেকে শুক্রবার আট ঘন্টা কাজ করি। আমাদের পিতৃত্ব এবং মাতৃত্ব দুটি বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। শিশুদের কর্ম ক্ষেত্রে আনার বিষয়টিকেও স্বাভাবিক করে তোলা উচিত ভারতবর্ষে।’ প্রসঙ্গত, ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে দুয়াকে জন্ম দেওয়ার পর দীপিকা কিছুদিন কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন। 

পুনরায় কাজে ফেরার সময় একাধিক সমস্যা সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। তবে দুটি ছবি থেকে বাদ পড়ে গেলেও এখন তিনি শাহরুখ খানের ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত। এছাড়া আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলি পরিচালিত AA22 x A6 ছবিতেও কাজ করবেন তিনি। শুধু তাই নয়, একাধিক বিজ্ঞাপনে কাজ করছেন অভিনেত্রী।