চাকরি পুনর্বহালের দাবিতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছেন অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টার মতো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার সিএন্ডবি রোডে তারা এই অবরোধ শুরু করেন। বিকাল ৪ টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকেরা জানান, বরিশালে অপসো স্যালাইন লিমিটেডের কারখানার ৫৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদেই ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে। গত ২৯ অক্টোবর ডাকযোগে চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকেই শ্রমিকরা চাকরি পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ কোনো যোগাযোগ না করায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।
সকাল থেকে শ্রমিকরা নগরের জীবনানন্দ দাশ (বগুড়া সড়ক) এলাকায় কারখানার সামনে জড়ো হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চৌমাথা এলাকায় গিয়ে অবরোধ শুরু করেন। সেখানে গিয়ে সংহতি জানান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী, বিএনপির বরিশাল নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানমসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণবশত স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। ভবিষ্যতে বিভাগটি পুনরায় চালু করা হলে অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদেরই অগ্রাধিকার দেয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শ্রমিকরা চাকরি পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। পরে বিকাল ৪ টার দিকে তারা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।