বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন মাঠে সাধারণত যে দৃশ্য দেখা যায়, তার চেয়ে আজকের পরিবেশ ছিল কিছুটা আলাদা। বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা দুজন বিদেশিকে ঘিরে কৌতূহল ছড়ায় সাংবাদিকদের মাঝে। পরে জানা গেল হামজা চৌধুরীকে কেন্দ্র করে বিশেষ একটি প্রজেক্টের কাজে ঢাকায় এসেছেন লেস্টার সিটির দুই কর্মকর্তা।
বাংলাদেশে হামজার আগমন ও আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজ জার্সিতে তার নতুন অধ্যায় এসবকে ঘিরে যে উন্মাদনা, সেটি বিশ্বকে দেখানোর লক্ষ্যেই ইংলিশ ক্লাবটি এবার নজর দিয়েছে ঢাকার মাঠে। দলের অনুশীলনের ফাঁকে লেস্টারের ভিডিও প্রডিউসার ড্যানিয়েল ট্যাগেট জানালেন তাদের পরিকল্পনার কথা।
ট্যাগেট বলেন, 'হামজার বাংলাদেশ অধ্যায়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সে ক্লাবের দীর্ঘদিনের পরিচিত মুখ, স্থানীয় সমর্থকদের কাছে একেবারে পরিবারের সদস্যের মতো। সে যখন জাতীয়তা বদলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিল, আমরা ঠিক করলাম এই গল্পটা বিশ্বব্যাপী তুলে ধরা প্রয়োজন।'
ইতোমধ্যে ইংল্যান্ডে হামজাকে ঘিরে কিছু ফুটেজ ধারণ করেছে লেস্টার সিটি। এবার চার দিনের জন্য তারা কাজ করবেন ঢাকায়। ট্যাগেট জানালেন, ডকুমেন্টারিটি প্রকাশ পেতে কিছুটা সময় লাগবে, কারণ সব ফুটেজ সংগ্রহ শেষে পুনরায় ইংল্যান্ডে আরও শুটিং ও এডিটিং হবে।
ঢাকায় নেমেই তারা বুঝতে পেরেছেন হামজার বর্তমান জনপ্রিয়তা কোন পর্যায়ে উঠেছে। রাস্তায়, হোটেলে, অনুশীলন মাঠে যেখানেই নাম শুনছে, ছুটে আসছে মানুষ। ট্যাগেট নিজেও মুগ্ধ, 'হামজা আগে বলেছিল বাংলাদেশে তাকে অনেকেই চেনে। কিন্তু ম্যাচের টিকিট চার মিনিটে শেষ হয়ে গেছে, সেটা শুনে আমরা সত্যিই অবাক হয়েছি।'
লেস্টারের দৃষ্টিতে হামজা শুধু একজন ফুটবলার নন, বরং ক্লাব-সংস্কৃতির অংশ। ট্যাগেট বলেন, 'হামজা মূলত লেস্টারেরই ছেলে। ছোটবেলা থেকে এখানে। তাই আমাদের ক্লাবের পেজে তাকে ঘিরে প্রতিক্রিয়া সবসময়ই আলাদা। এবার তো বাংলাদেশের টাইম জোন পর্যন্ত যোগ করতে হয়েছে, কারণ এখানকার দর্শক সংখ্যা একেক ম্যাচে হাজার হাজার বাড়ছে।'
ট্যাগেটের সঙ্গে ঢাকায় এসেছেন লেস্টারের নিরাপত্তা দলে কর্মরত জে প্যাটম্যান। উচ্চদেহী এই ব্যক্তিকে দেখে মনে হয় কঠোর স্বভাবের, কিন্তু আলাপে তিনি বরং খুবই সহজ-সরল। হামজার সঙ্গে লেস্টারে তাঁর দীর্ঘ পরিচয়। বলেন, 'হামজা খুবই ভদ্র, হাসিখুশি আর সবার প্রতি বন্ধুসুলভ। তারকা হওয়ার পরেও সে বদলায়নি।'
ঘানার ফুটবলার আব্দুল ফাতাউকে নিয়ে ডকুমেন্টারি করতে এর আগে আফ্রিকায় গিয়েছিল লেস্টারের মিডিয়া টিম। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলজুড়ে আলোড়ন তুলতে বাংলাদেশে হাজির তারা শুধুমাত্র একটি কারণেই, হামজা চৌধুরী।
আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পর্যন্ত ঢাকায় থাকবেন তারা। সেই ম্যাচে স্টেডিয়ামের পরিবেশ কেমন হয় তা ক্যামেরাবন্দী করতেও বেশ আগ্রহী লেস্টার সিটির এই দল।