বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের এই সংকটকালে একটি দল সংকটকে আরও গভীর সংকটে নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে। এখন হঠাৎ করে সেই দলটি বলতে শুরু করেছে আমাদের পিআর দরকার। যে জিনিস বাংলাদেশের মানুষ বোঝে না। সেই জিনিস মানুষের ঘারের ওপর চাপিয়ে দিচ্ছে কার ইঙ্গিতে। তারা লাফিয়ে উঠেছেন ক্ষমতায় যাবেন বলে।’
তিনি প্রশ্ন করেন বলেন, ‘গত নির্বাচনে কত পার্সেন্ট ভোট পেয়েছিল জামায়াতে ইসলামী। তারা ভোট পেয়েছিল ৫-৬ পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবে। এটা মনে করিয়েন না। বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না। কারণ আপনাদের জনগণ বিশ্বাস করে না।’
গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়েছে উঠেছে। কিন্তু তাদের অতীত রেকর্ড ভালো না।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই নির্বাচন হতে হবে। নির্বাচনের বিকল্প নেই। কারণ নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তত দুর্বল হচ্ছে।’
গণসমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, অধ্যাপক শাহজাহান মিঞা, আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় নেতা সফিকুল হক মিলনসহ স্থানীয় বিএনপি নেতারা।