নর্থ ক্যারোলিনায় শুরু হলো যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের শার্লট শহরে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা একটি ব্যাপক অভিযান চালিয়েছেন।  শনিবার এ অভিযানের সময় শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি পূর্ব শার্লটের একটি গির্জায় ও হানা দেয় তারা। গির্জার কর্মকর্তারা জানান এজেন্টরা কোনো পরিচয়পত্র না দেখিয়ে বা কোনো প্রশ্ন না করেই এক ব্যক্তিকে গ্রেফতার করে। 

সহকারী হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, অভিযানটি আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করা এবং জননিরাপত্তার হুমকি দূর করার জন্য করা হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তারা, যার মধ্যে মেয়র ভি লাইলসও আছেন, এই অভিযানকে ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করা হিসেবে সমালোচনা করেছেন।

ঘটনার আগে কয়েক দিন ধরে অভিযান হবে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, যার কারণে কিছু স্থানীয় ব্যবসা আগেই বন্ধ হয়ে যায়। সমালোচকরা এই অভিযানকে সংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখেছেন, তবে রিপাবলিকান নেতারা এটিকে সীমানা নিরাপত্তার অংশ হিসেবে সমর্থন করেছেন।
 
পূর্ব শার্লটের চার্চটি জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত গির্জার সকল সেবা ও কাজ বন্ধ থাকবে।  এই অভিযান যুক্তরাষ্ট্র সরকারের বড় অভিবাসন নীতি সংস্কার অভিযানের ধারাবাহিক। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পোর্টল্যান্ড এবং নিউ ইয়র্কের মতো বড় শহরেও ফেডারেল কর্মীদের অভিযান দেখা গেছে।