সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের আগুন

সিলেট জেলায় হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেছে।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রাত আড়াইটার দিকে হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্স পুড়ে যায়। অন্যদিকে রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে তারা আগুন দেয়।

ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই মোটরসাইকেলে করে পাঁচ তরুণ পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়।

রবিবার (১৬ নভেম্বর) সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, হাসপাতালে আগুনের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি অফিসে ফিরে যায়।

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।