শুভমান গিল হাসপাতালে, কলকাতা টেস্টে আর খেলবেন না

ভারতের ওপেনার ও অধিনায়ক শুবমান গিল হঠাৎ ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান কলকাতা টেস্টে আর মাঠে নামতে পারছেন না। গতকাল শনিবার দিনের খেলা শেষে ঘাড়ের তীব্র ব্যথার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ রবিবার সকালে বিসিসিআই নিশ্চিত করেছে, গিলের ইনজুরি যথেষ্ট গুরুতর এবং তিনি ম্যাচের বাকি অংশে খেলতে পারবেন না।

শনিবার প্রথম সেশনে অফস্পিনার সাইমন হার্মারের বলে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ক্রিজে নামেন গিল। হার্মারের মুখোমুখি তৃতীয় বলে স্লগ সুইপে বউন্ডারি হাঁকান। সাথে সাথেই তিনি কাঁধে ব্যথা অনুভব করেন ডানহাতি এই ব্যাটার। মাঠেই ভারতীয় ফিজিও তাকে প্রাথমিক শুশ্রুষা করেলেও ঘাড়ে তীব্র খিঁচুনি হওয়ায় দ্রুতই অবস্থা খারাপের দিকে যায়। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে তাকে মাঠ ছাড়তে হয়।

এরপর ভারতের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে—পরবর্তী ২৮ ওভারে পড়ে যায় আরও সাত উইকেট। গিল আর ব্যাটিংয়ে ফিরতে পারেননি এবং ভারতের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৮৯ রানে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে শেষ হওয়ায় জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়িয়েছে ১২৪ রানের। শুবমান আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। ছয় দিন পর গুয়াহাটি টেস্ট তিনি খেলতে পারবেন কিনা- তা এখনো অনিশ্চিত।