নিয়োগের ২৮ দিনের মাথায় মাদারীপুরের ডিসি পরিবর্তন 

মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের ২৮ দিনের মাথায় আবারও পরিবর্তন করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ আদেশ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলম। 

গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ আদেশ দেওয়া হয়।

জানা যায়, গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আফসানা বিলকিসকে নিয়োগ করা হয়। এর পর পরই তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অ্যাজেন্টসহ নানান অভিযোগ নিয়ে জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। পরে তিনি যোগদান করে কার্যক্রম পরিচালনা শুরু করেন। কিন্তু মাত্র ২৮ দিনের মাথায় ১৩ নভেম্বর নতুন করে ১৪ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদারীপুর জেলা থেকে আফসানা বিলকিসকে পরিবর্তন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।