প্রথমবারের মতো কোক স্টুডিওতে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।দর্শক-শ্রোতাদের বহুদিনের প্রত্যাশা ছিল কোক স্টুডিওতে রুনা লায়লার উপস্থিতি। এবার তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষার অবসান ঘটাতে নিজের জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’ নিয়েই হাজির হচ্ছেন দেশবরেণ্য এই গায়িকা। শনিবার (১৫ নভেম্বর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি বিশেষ ছবি প্রকাশ করে সংগীতপ্রেমীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি একটি ছোট ভিডিও প্রকাশ করেও জানান দেয়া হয়েছে, কোক স্টুডিওর মঞ্চে আসছে কিংবদন্তি।
আগামীকাল ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন উপলক্ষে গানটি আজ ১৬ নভেম্বরই কোক স্টুডিও বাংলার ইউটিউবে প্রকাশ হবে। জন্মদিনের আগেই ভক্তদের জন্য এটি যেন এক বিশাল উপহার। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, চিরচেনা অভিজাত উপস্থিতিতেই স্টুডিওতে দাঁড়িয়ে আছেন তিনি। মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া ছিল উচ্ছ্বাসে ভরা।