নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনে কমিশনের পক্ষ থেকে বার্তা হচ্ছে, যারা আচরণবিধি মানবে না অপপ্রচার চালাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি একথা বলেন।
ইসি বলেন, কতটুক হবে আমরা জানি না, তবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবে সে বা তারাই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে যে আইনগুলো ছিল সেগুলোতে আমরা শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন বা সংশোধনের জন্য সংশোধন, পরিমার্জন করি নাই। আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য করেছি।
তিনি বলেন, আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই। বিগত দিনগুলোতে নির্বাচনের যে সংস্কৃতিটা ছিল, আমাদের ভালোমন্দ মিলিয়ে কিছু দুর্বলতা থাকলেও নির্বাচনের সময় কিছুটা উৎসব আমেজ ছিল। মানুষের ভালোলাগা-খারাপ লাগা মিলিয়ে ভালোলাগাটাই বোধহয় বেশি ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এই পুরো সংস্কৃতিটাই নষ্ট হয়ে গেছে। মানুষজন নির্বাচন বিমুখ হয়েছে। নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। আমাদের এখন এটাকে আনডু করতে হবে। ভালো জায়গায় নিয়ে যেতে হবে।
নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেন, নির্বাচন হচ্ছে গোটা জাতির বিষয়। এটা নির্বাচন কমিশনের বিষয় না। কাজেই নির্বাচন কমিশন একা একা এটা সুষ্ঠু করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না আপনারা সহযোগিতা করবেন। কারণ পৃথিবী চলে অংকের নিয়মে। যত ভালো সহযোগিতা তত ভালো নির্বাচন হবে। কাজেই যদি আপনারা সহযোগিতা না করে সরকারের দিকে তাকিয়ে থাকেন যে দেখি ওরা কিভাবে নির্বাচন করতে পারে, কখনোই সম্ভব না। আমরা ওই চ্যালেঞ্জ নেবও না। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা অক্ষম। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই।
তিনি বলেন, আপনারা বলেছেন অংশগ্রহণমূলক। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। ১২ কোটি ভোটারের মধ্যে ছয় কোটি পুরুষ, ছয় কোটি নারী। শুধু পুরুষ আসলেন, নারীরা আসলেন না, তাহলে কি অংশগ্রহণমূলক হবে? অবশ্যই না। কাজেই আমাদের পিছিয়ে পড়া নারীদের আনার দায়িত্ব বাবা হিসেবে, ভাই হিসেবে, স্বামী হিসেবে আপনাদেরই নিতে হবে।