খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধ করাসহ তিন দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাস মালিক সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে রুপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, তিন দাবির বিষয়ে সমাধান করতে প্রশাসনের সঙ্গে মালিক সমিতির নেতারা দফায় দফায় সভা করেছে। সমস্যার সমাধান করতে প্রশাসন বারবার সময় নিয়েও তা সমাধান করতে পারেনি। তাই আগামী ১ ডিসেম্বরের মধ্যে বাস মালিক সমিতির তিন দাবি বাস্তবায়ন করা না হলে ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পিরোজপুর বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান ও খুলনা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবুসহ খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার (বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি) দশটি মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলো হলো: সরকারি অনুমোদন ব্যতিত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ। রাস্তার লোকাল যাত্রী পরিবহণ বন্ধের ব্যবস্থা নেওয়া, অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা সড়ক মহাসড়কে চলাচল বন্ধ করা। দূরপাল্লার পরিবহণে নীতিমালা বর্হিভূত লোকাল যাত্রী পরিবহণ বন্ধ করা ও জেলা টার্মিনালে একটিমাত্র কাউন্টার রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করতে হবে।