মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে দুই উপজেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) মাগুরার-২ আসনের মহম্মদপুর ও শালিখা উপজেলায় এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে আজ রবিবার বেলা ১১টার দিকে বিএনপির একাংশের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা কাজী কামালের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং মনোনয়ন পরিবর্তন চাই, তৃণমূলের মতামতের মূল্য দাও এ ধরনের স্লোগান দেন। আউনাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এদিকে একই সময়ে শালিখার সীমাখালি এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আড়পাড়া বাজার হয়ে বুনাগাতি বাজারে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, গোলাম আযম সাবু, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন টুকু, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিক্ষোভ-অবরোধ চলাকালে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের তৃণমূল নেতাকর্মীদের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।