সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রবিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া ভিডিওসহ খবর প্রচার করছে। ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পর্ক নেই।
তাছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ভয়েস দেওয়া ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।