চালের বস্তার নিচে চাপা পড়ে শ্রীপুরে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে চালের বস্তার নিচে চাপা পড়ে নাঈম আহাম্মেদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তরপাশের আল মদিনা ফুড ইন্ডাস্ট্রি নামে একটি মুড়ির কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত নাঈম আহাম্মেদ (২০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার হারিয়াকান্দি গ্রামে বাসিন্দা। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক জানান, রাতে কাজ করার সময় ওই শ্রমিক চালের বস্তার নিচে চাপা পড়ে। পরে আহত অবস্থায়  হাসপাতালে নিলে চিকিৎসক ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

তবে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে রাজি হয়নি।