আজ রবিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও আর্মেনিয়া। এই ম্যাচে জয় পেলে সরাসরি ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাবে পর্তুগাল। লাল কার্ডের কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়াল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় তার এই শাস্তি। রোনালদোর লাল কার্ডের পর অন্য দলগুলোর কোচরাও নিজেদের খেলোয়াড়কে করছেন সতর্ক।
সতর্কের কারণ কি? ইংল্যান্ডের কথাই ধরে নেওয়া যাক। ইংলিশরা এরই মধ্যে নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। আজ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে আলবেনিয়ার বিপক্ষে। এই ম্যাচে যদি ইংল্যান্ডের কোন খেলোয়াড় লাল কার্ড দেখেন এবং তিনি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকেন তবে গ্রুপ পর্বের অন্তত্য একটি ম্যাচ মিস করবেন। অপরাধ গুরুতর হলে সেটি হতে পারে ৩ ম্যাচও।
ম্যাচের আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বলেন, 'এটা গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে কথা বলব। কোনো লালকার্ড নয়, প্লিজ। যদি কোনো পরিস্থিতিতে সন্দেহ থাকে, যেমন শেষ প্লেয়ার হিসেবে ফাউলের ঝুঁকি, তাহলে খেলোয়াড়ের উচিত বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া। আমাদের যেহেতু জায়গা নিশ্চিত, তাই ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই।'
আলবেনিয়া আগেই কে গ্রুপ থেকে প্লে-অফ নিশ্চিত করায় ম্যাচটি তাদের জন্যও ততো গুরুত্বপূর্ণ নয়।
ইংল্যান্ড কোচের মতো ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ নিশ্চিত করার পথে থাকা বা নিশ্চিত করা বাকিরাও একই সুরে কথা বলবেন। কারণ, শেষ রাউন্ডে লাল কার্ড হজম করলে বিশ্বকাপের ম্যাচ মিস হবে। বিশ্বকাপের আগে যে ইউরোপের জাতীয় দলগুলোর নেই আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচ। আর প্লে-অফে খেললেও তখন লাল কার্ড পাওয়া খেলোয়াড়কে ছাড়াই খেলতে হবে।