রাজবাড়ীতে প্রার্থী বদলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়ার অনুসারীরা। এতে প্রায় এক ঘণ্টা ধরে ঢাকা-খুলনা ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলে।
জানা যায়, রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারের জন্য ও ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়ালন্দ মোড়ের অদূরে বিএনপির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি গোয়ালন্দমোড় পৌঁছলে নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেয়। এ সময় খানখানাপুর ও আহলাদীপুর হাইওয়ে থানা এলাকা থেকে আলাদা মিছিল আসে। পরে নেতাকর্মীর গোয়ালন্দমোড়ের তিন দিকের সড়কের উপর অবস্থান করে স্লোগান দিতে থাকে।
এ সময় বিক্ষোভকারীরা রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের “ক্রোস” চিহ্ন দেওয়া বয়কট লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করেন। এ সময় নেতাকর্মীদের “দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমাকে ভুলি নাই” “আসলাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” “চলছে লড়াই চলবে, আসলাম ভাই লড়বে” “অবৈধ নমিশন মানিনা মানব না” বলে স্লোগান দিতে দেখা যায়। এ সময় অনেক নেতাকর্মীকে কাফনের কাপর পরে কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।