গাজীপুর জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মারা যাওয়া ওই হাজতির নাম মো. সিদ্দিক মিয়া (৩৩)। তিনি গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, সদর মেট্রো থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় আসামি সিদ্দিক মিয়াকে এ কারাগারে আনা হয় হয়।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্দিক মিয়া কারাগারের অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, শুক্রবার নগরীর তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হলে পুলিশ পরদিন শনিবার গাজীপুর আদালতে পাঠায়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।