খুলনায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় দুর্বৃত্তরা আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলে ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলাউদ্দিন মৃধা করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া। সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন এবং তার স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিল। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত ঐ বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। দুটি গুলি তার বুকে এবং পেটে বিদ্ধ হয়। এর পর ঐ দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত আলাউদ্দিন মাদক অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক মামলায় বেশ কিছুদিন তিনি কারাগারে ছিলেন। গত ১০ দিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলাউদ্দিন মৃধার বুকে ও পেটে গুলি লেগেছে। এছাড়া তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে পুলিশের অপরাধ বিভাগের সদস্যরা না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তার শরীরের কোথায় কোথায় গুলি লেগেছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছি।