অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান তিনি। রিটকারী বলেন, রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারকে নিরাপত্তা দিতে গাফিলতির অভিযোগ এনে আবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজি), রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির করানোর নির্দেশনা চেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় লিমন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি গুরুতর জখম হন। অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বলেন, ঘটনার এক সপ্তাহ আগে বিচারকের স্ত্রী একটি জিডি করেছিলেন।