ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও এপস্টিন নথি প্রকাশে জোর দিচ্ছেন মার্জোরি গ্রিন

মার্কিন রিপাবলিকান কংগ্রেসওমেন মার্জোরি টেলর গ্রিন আবারও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন–সম্পর্কিত সব নথি প্রকাশের দাবি তুলেছেন। এর মধ্যেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বিশ্বাসঘাতক বলে সমালোচনা করে সমর্থন তুলে নিয়েছেন। সম্প্রতি এপস্টিনের ব্যক্তিগত ইমেইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ডোনাল্ড ট্রাম্পের নাম ও কয়েকবার সামনে আসায় তার বিরুদ্ধে এপস্টিনের সাথে অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠছে। 

রবিবার (১৬ নভেম্বর) সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন–এ গ্রিন জানান, ট্রাম্পকে তিনি সমর্থন করলেও এপস্টিন নথি গোপন রাখার প্রচেষ্টার সঙ্গে একমত নন। ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য তার নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এপস্টিনের নথি প্রকাশের দাবি ঘিরে গ্রিন–ট্রাম্প সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার (১৪ নভেম্বর) ট্রাম্প ট্রুথ সোশালে তাকে বিশ্বাসঘাতক ও পাগল বলে আক্রমণ করেন। গ্রিন বলেন, বিরোধের মূল কারণ এপস্টিন ফাইলস। ট্রাম্প আগে এপস্টিনের বন্ধু ছিলেন, যদিও তিনি কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবুও এপস্টিন নথি নিয়ে ট্রাম্পের অবস্থান দুই দল থেকেই সমালোচিত হচ্ছে।
  
এই সপ্তাহেই হাউসে 'এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি এ্যাক্ট'–এর ওপর ভোট হওয়ার কথা। বিলটি পাস হলে বিচার বিভাগকে এপস্টিন সংশ্লিষ্ট সব অশ্রেণিবদ্ধ নথি প্রকাশ করতে হবে। আইনটির পক্ষে একশোর মতো রিপাবলিকান ভোট দিতে পারেন বলে ধারণা।

গ্রিন বলেন, দেশ স্বচ্ছতা পাওয়ার অধিকার রাখে এবং ধনী–প্রভাবশালীদের বিচারবিভাগ থেকে রক্ষা করা উচিত নয়। একই সঙ্গে তিনি রাজনৈতিক ঘৃণা ও বিভাজন বন্ধের আহ্বান জানান।