মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আজ (১৭ নভেম্বর) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়।

মওলানা ভাসানী কৈশোর-যৌবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন, জমিদারদের নির্যাতন ও লাইন-প্রথা উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৫৭ সালে তার উদ্যোগে অনুষ্ঠিত কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছিল।

আজ মৃত্যুবার্ষিকীতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে র‌্যালি ও মাজারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করবে। ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলমান রয়েছে।

মওলানা ভাসানী ছিলেন নিরপেক্ষ, দেশপ্রেমিক ও সাধারণ মানুষের প্রতি নিবেদিত একজন নেতা, যিনি জীবনব্যাপী শোষণ ও বঞ্চনাহীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করেছেন।