মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হওয়া স্কুলবাসের চালক পারভেজ খান তাজেস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত পারভেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক পারভেজ দ্রুত বের হতে না পেরে গুরুতরভাবে দগ্ধ হন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের নীরবতায় হঠাৎ করেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে মুহূর্তেই বাসটি জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চালক মারাত্মক দগ্ধ হন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকালে তিনি মারা যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, ‘বাসে অগ্নিসংযোগের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় বাস মালিকের করা মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা বের করতে পুলিশ কাজ করছে।’