মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা প্রতিহত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের গুরুত্বপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার পাচ্চর গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে একই সড়কের বন্দরখোলা, সন্যাসীরচর দত্তপাড়া এলাকায় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর ১ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্ব গত রাত থেকেই অনুসারীরা অবস্থান নেন।
এছাড়া শিবচর উপজেলা বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার নেতৃত্ব তার অনুসারীরা গত রাত থেকে সড়কের পাচ্চর থেকে কুতুপুর সীমানা পর্যন্ত ঘুরে দেখেন।
এ সময় নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেন।
মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনির নিরাপত্তা জোরদার করা হয়েছে । সেনা বাহিনী, পুলিশ ও র্যাব সহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত রাত থেকেই মাদারীপুর শহর, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টহল দিচ্ছে।
শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকী বলেন, পতিত স্বৈরাচারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী দোসরা সারা দেশে যে অরাজগতার পায়তারা চালাচ্ছে তারই প্রতিবাদে আজ আমাদের এখানে অবস্থান। আমরা পদ্মা সেতু এলাকা থেকে ভাঙ্গা উপজেলার সীমানা পর্যন্ত এমনকি আমাদের শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য আওয়ামী দোসরা যাতে শিবচর উপজেলা কোথাও এবং মহাসড়কের কোথাও কোন অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি না করতে পারে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন স্মৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। কেউ যাতে কোন নাশকতা না করতে পারে সে ব্যপারে সবাই নজর রাখছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।