এমিরেটস তার সকল ফ্লাইটে দ্রুতগতির স্টারলিংক ওয়াইফাই সেবা চালু করতে যাচ্ছে। চলতি মাসে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে প্রথম স্টারলিংক সেবা যুক্ত হতে যাচ্ছে এবং ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ এয়ারলাইনটির ২৩২টি বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে এই সেবা পাওয়া যাবে।
সকল শ্রেণীর যাত্রীরা ফ্লাইট চলাকালীন বিনামূল্যে এই সেবা উপভোগ করতে পারবেন। এই সেবা ব্যবহার করে যাত্রীরা বিভিন্ন কনটেন্ট স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অনলাইন গেইম, ফোনকলসহ অন্যান্য সুবিধা পাবেন। নিজস্ব ডিভাইস বা আসনের সঙ্গে যুক্ত স্ক্রিনের সাহায্যে এই সেবা গ্রহণ করা যাবে।
এরইমধ্যে এমিরেটসের যে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটিতে স্টারলিংক সেবা সংযুক্ত হয়েছে তার বর্তমানে দুবাই এয়ার শো’তে উপস্থাপন করা হচ্ছে। ভিজিটররা এখানে স্টারলিংক সেবা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন। স্টারলিংক সেবাযুক্ত প্রথম বানিজ্যিক ফ্লাইটটি দুবাই এয়ার শো সমাপ্ত হবার পর এই উড়োজাহাজটির মাধ্যমেই পরিচালিত হবে।
এমিরেটসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজে দুটি এবং এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে তিনটি করে এন্টেনা স্থাপন করা হবে, যার ফলে সকল শ্রেণীর যাত্রীরা বিনামূল্যে সর্বোচ্চ ওয়াইফাই যোগাযোগ সুবিধা পাবেন।