যশোর মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা

যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চিতে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। রবিবার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে খবর পেয়ে দ্রুত গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করেছে হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশের ওসি মহাসিন হোসেন।

ভোর রাতেই যশোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলও তার ফেসবুকে এ ধরনের ভিডিও শেয়ার করেছেন।  

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন হোসেন বলেন, কে বা কারা রেন্ট্রি গাছ কেটে রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দ্রুত গাছ সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করে। তিনি আরও বলেন, পুলিশী টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করীম জানান, তার সীমানা রাজারহাট থেকে ফুলতলা হাইওয়ে পর্যন্ত। তার সীমানার মধ্যে রাস্তা অবরোধের কোনো ঘটনা ঘটেনি। রাতভর টহল জোরদার ছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন আজ ধার্য করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে।