জামায়াত নেতার গাড়িতে আগুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। 

সোমবার (১৭ নভেম্বর) ভোরে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মুখে এ ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি স্থানীয় জামায়াত নেতা ফজলুল হক মোল্লার। 

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে পিকআপটি মহাসড়কের ডিভাইডারের পাশে রেখে যান চালক। সোমবার ফজরের নামাজের পর ফেনী থেকে মাছ আনার জন্য গাড়িটি ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুইজন দূর্বৃত্ত পিকআপটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মোহাম্মদ জামাল বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দেখি পাশের পিকআপে আগুন জ্বলছে। পরে শুনেছি দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

এ বিষয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা বলেন, আমার জীবিকার একমাত্র অবলম্বন এই গাড়িটি। ভোরে মাছ আনার জন্য যাওয়ার কথা ছিল। এর আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, নিষিদ্ধ অবস্থায় থাকা স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছেন।