বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে একই দিনে সংলাপে বসছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামী বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ চলছে। নতুন দল হিসেবে নিবন্ধিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) প্রথমবারের মতন সংলাপে ডেকেছে ইসি।

আজ সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিল্পব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে বসবে ইসি।

ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) সঙ্গে সংলাপে বসবে ইসি।