শেখ হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ-আহতদের ক্ষতিপূরণের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম বলেছেন, আদালত রায়ে বলেছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের যত সম্পত্তি বাংলাদেশে আছে, তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং তা দিয়ে রাষ্ট্র সকল শহীদ ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগের রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আদালত শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত বলে ঘোষণা করেন।

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সময় আদালতে আইনজীবী ছাড়াও জুলাই-আগস্ট মাসে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবার দাবি করে যে, শেখ হাসিনা জুলাই মাসের গণ-অপরাধের সময় সংঘটিত মানবতাবিরোধী সব অপরাধের পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা ছিলেন।