থ্যালাসমিয়া আক্রান্ত মহিউদ্দিনের দোকান দখলের অভিযোগ 

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার সড়কে প্রতিবন্ধি মহিউদ্দিনের দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থায় এতিম ও থ্যালাসমিয়া আক্রান্ত যুবক মহিউদ্দিন হাওলাদার।

সম্প্রতি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তার বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছেন। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।

থ্যালাসমিয়া আক্রান্তের কারণে মহিউদ্দিনকে প্রতি মাসে শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রিল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে সোমবার (১৭ নভেম্বর) দুমকি লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।

মহিউদ্দিন অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো রাক হয়নি। বর্তমানে তিনি মানবতর জীবন পার করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো.তারিকুল ইসলাম বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেওয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্তু তিনি (কাওসার) অনুরোধ রাখেনি।

অভিযুক্ত কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।