জোহরান মামদানি দেখা করতে চান, জানালেন ট্রাম্প

একজন দেশের প্রেসিডেন্ট। অপরজন সে দেশেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নবনির্বাচিত মেয়র। একজনের বিষয়ে আরেকজনের মুখ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক কথা শোনা যায়নি। তা সত্ত্বেও, দেশের স্বার্থের কথা মাথায় রেখে তারা ‘কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার’ সিদ্ধান্ত নিয়েছেন।

ডেমোক্র্যাট নেতা ও নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক 'সাপে-নেউলে' হলেও পশ্চিমা সভ্যতা-ভব্যতার মানদণ্ড তাদেরকে এ ধরনের উদ্যোগ নিতে বাধ্য করেছে।

ফ্লোরিডায় সাপ্তাহিক ছুটি কাটানোর পর ওয়াশিংটনে ফিরে যাওয়ার আগে ট্রাম্প গণমাধ্যমকে বলেন, ‘নিউইয়র্কের মেয়র আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমরা একটি সমঝোতায় পৌঁছাব।’সোমবার (১৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ট্রাম্প আরও বলেন, আমরা চাই নিউইয়র্কের সব কাজ ঠিক মতো চলুক। ট্রাম্পের বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে মামদানির প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।

তবে তার এক মুখপাত্র গত সপ্তাহে মামদানির দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করেন। সেদিন মামদানি বলেছিলেন তিনি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ‘নিউইয়র্কের উন্নয়ন ও সাফল্য নিশ্চিতে এই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ’।