ধানমন্ডি ৩২ নম্বর ‘ধুলোয় মিশিয়ে’ দেওয়ার আহ্বান রাকসুর জিএস আম্মারের

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 

সোমবার তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে দেওয়া দুই পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি পোস্টে অভিযোগ করেন, সেখানে অবস্থান নেওয়া সেনাসদস্যরা ‘ছাত্র-জনতাকে’ আগাতে বাধা দিচ্ছেন এবং ‘বুলডোজার ঢুকতে দিচ্ছেন না’।

সালাহউদ্দিন আম্মার তার প্রথম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনারা একটু সাশ্রয়ী হোন! আমরা গরীব দেশ। একটা বাড়ি ভাঙতে বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট কইরেন না। আজকেই শেষ করে দেন।’এই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘উপ্স উস্কানী দিয়ে ফেললাম?’

দ্বিতীয় পোস্টে তিনি ধানমন্ডি-৩২ এ অবস্থান নেওয়া সেনা সদস্যদের ‘ছাত্রজনতাকে’ বাধা দেওয়ার অভিযোগ তুলে শাহবাগ, টিএসসি ও আশপাশের অন্যান্য এলাকা থেকে দল সংগঠন নির্বিশেষে মানুষকে সেখানে যাওয়ার আহ্বান জানান। 

সেই সঙ্গে বাড়িটি আজই ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‘ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছেনা। 

শাহাবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহ বার্ষিকী আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।’