খাশোগি হত্যার ৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি দীর্ঘ সাত বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। বৈঠকের মূল লক্ষ্য হলও তেল বাজার, নিরাপত্তা, বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক শক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণ। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার শেষ যুক্তরাষ্ট্র সফরটি ২০১৮ সালে ছিল। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর আর কোন সফর করেনি তিনি। তার বিরুদ্ধে খাশোগি হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে নিজে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।

সৌদি আরব এই সফরে নিরাপত্তা নিশ্চয়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অর্জন এবং নব্য পারমাণবিক শক্তি চুক্তিতে অগ্রগতি আশা করছে। যুক্তরাষ্ট্র সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্যিক বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে প্রস্তুত।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসন কাতারের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির মতো একটি সীমিত নির্বাহী আদেশ প্রকাশ করতে পারে। যা সৌদিদের পূর্ণ প্রতিরক্ষা চুক্তির বদলে সীমিত সহযোগিতা নিশ্চিত করবে।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে পারমাণবিক ও এআই ক্ষেত্রে এই চুক্তি দেশকে অঞ্চলের প্রতিদ্বন্দ্বীদের সাথে তুলনা করার সুযোগ দেবে।