কঙ্গোর বিরুদ্ধে 'কালো যাদু'র অভিযোগ নাইজেরিয়ার, বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন ভেঙে গেছে নাইজেরিয়ার। পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলে হেরে ডিআর কঙ্গো যখন পরবর্তী ধাপে উঠল, তখন ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এক অস্বাভাবিক অভিযোগ তুললেন নাইজেরিয়া কোচ এরিক শেলে—কঙ্গো খেলোয়াড়রা নাকি শুটআউট চলাকালীন কালো যাদু করেছেন!

মরক্কোর রাবাতে আফ্রিকান প্লে–অফের ফাইনালে ১–১ সমতায় অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে কঙ্গো তাদের স্বপ্ন জিইয়ে রাখে, আর দ্বিতীয়বারের মতো টানা বিশ্বকাপ ফাইনালস খেলার সুযোগ নষ্ট করে নাইজেরিয়া।

ম্যাচ শেষে শেলে বলেন, “পেনাল্টির সময় কঙ্গোর একজন বারবার কালো যাদুর মতো কিছু করছিল। প্রতিবারই… প্রতিবারই। তাই আমি ওর ওপর একটু নার্ভাস ছিলাম।”

কি দেখেছেন—এমন প্রশ্নে শেলে হাত নাড়িয়ে দেখান, যেন কেউ পানি কিংবা অচেনা কোনো তরল কিছু ছিটাচ্ছে। “পানি কি না জানি না… এ রকম কিছু,” বলেন তিনি।

অদ্ভুত অভিযোগের মাঝেও কঠিন বাস্তবতা হলো—ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ নিচে থাকা ডিআর কঙ্গোর কাছে হেরে নাইজেরিয়া টানা দ্বিতীয় বিশ্বকাপ মিস করল। ১৯৯৪ সালে বিশ্বকাপ অভিষেকের পর এই প্রথম তারা টানা দুই আসরে অনুপস্থিত থাকবে।

পেনাল্টি শুটআউট ছিল দারুণ উত্তেজনাপূর্ণ—চারটি শট সেভ হয়, একটি বাইরে যায়। প্রবল বৃষ্টির মধ্যে বোতল ছোড়া উপেক্ষা করে ডিআর কঙ্গো অধিনায়ক চান্সেল এমবেম্বা জয়সূচক শটটি নেন।