জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ডের আদেশ দেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শেখ হাসিনার মামলার রায় শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে।
ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। রায়ের সময় আদালতকক্ষে উচ্ছ্বাস ও করতালি দেখা যায়। ৭৮ বছর বয়সী হাসিনা ভারতে অবস্থান করে বিচার মোকাবিলা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। ট্রাইব্যুনাল উল্লেখ করেছে, দেশজুড়ে বিস্তৃত ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমন করার সময় সহিংসতার নির্দেশ দেওয়া হয়েছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেই আন্দোলনে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান।
রয়টার্স জানায়, যুদ্ধাপরাধ আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দমন করার অভিযোগে কয়েক মাস বিচার প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। এটি দশকের মধ্যে সবচেয়ে কঠোর পদক্ষেপ, এবং এ রায় এসেছে নির্বাচনের আগে।
আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। তিনি বর্তমানে পলাতক অবস্থায় ভারতের আশ্রয়ে আছেন, এবং রায়ে তাকে গত বছরের ছাত্র আন্দোলন দমন করার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করা হয়েছে। সহিংসতায় প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছরের ছাত্র আন্দোলন দমন ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী প্রমাণিত হওয়ার পর এই রায় দেওয়া হয়। সহিংসতার প্রভাবেই তার সরকার পতিত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রকাশিত শিরোনামে উল্লেখ করেছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত তাকে গণঅভ্যুত্থান দমনের প্রধান নির্দেশ দাতা হিসেবে দোষী প্রমাণিত করেছে, যা তার সরকারের পতনের পেছনে মূল কারণ।
পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বাংলাদেশের আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাসব্যাপী বিচার শেষে আদালত রায়ে উল্লেখ করেছে, গত বছরের ছাত্র আন্দোলন দমন করতে তিনি প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। রায়টি আসে নির্বাচনের সম্ভাবনার আগেই।