নতুন গানে শ্রোতা মাতাচ্ছেন লুইপা

বেশ কিছুদিন বিরতির পর নতুন একটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন প্রজন্মের ব্যস্ত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ‘চুরি ছাম ছাম’ শিরোনামের এই গানটি গায়িকার নিজের ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে অবমুক্ত করা হয়েছে রবিবার সন্ধ্যায়। গানটিকে ঘিরে বেশ উচ্ছ্বসিত লুইপা। কারণ হিসেবে শিল্পী জানান, একই দিনে লুইপার সবচেয়ে প্রিয় গায়িকা রুনা লায়লার কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে ‘দামা দাম মাস্কালান্দার’ গানটি। রুনা লায়লার কণ্ঠে নতুন করে কোক স্টুডিওতে প্রকাশিত এই গান দারুণভাবে সাড়া ফেলেছে। লুইপাও তার প্রিয় এই শিল্পীর কণ্ঠের গানটিতে নতুন করে মুগ্ধ হয়েছেন। আবার নিজের ভক্ত-অনুরাগীও ল্ইুপার কণ্ঠে নতুন গান ‘চুড়ি ছাম ছাম’ গান শুনে মুগ্ধ হচ্ছেন।

গানটি লিখেছেন সিফাত আব্দুল্লাহ আবির, সুর সংগীত করেছেন তানভীর। গানটি প্রকাশের পর থেকেই লুইপা দারুণ সাড়া পাচ্ছেন বিশেষ করে গানের ‘হাতে ছুড়ি ছাম ছাম বাজে’ অংশটুকু সবাই বেশ উপভোগ করছেন। গানের মনোমুগ্ধকর মিউজিক ভিডিওটিও শ্রোতা-দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অল্প সময়ের মধ্যেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন এই প্রজন্মের দর্শক সমাদৃত মডেল, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মিউজিক ভিডিওতে চমকের গ্ল্যামারাস উপস্থিতি মুগ্ধ করছে সবাইকে।

লুইপা বলেন, ‘গানটি প্রকাশের পর মুহূর্ত থেকেই আমি যেভাবে সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এটা একদমই ট্রেন্ডি ভাইভের একটা গান। মেয়েদের সাজ নিয়ে, প্রেম নিয়ে একটা গান। আমার প্রত্যাশা যে বিশেষত ওয়েডিং সিজনে গানটি সবাইকে মুগ্ধ করবে বেশি। আর যারা নিয়মিত ড্যান্স করতে চান তাদের জন্যও এই গান পারফেক্ট একটি গান। গানে মডেল হিসেবে চমক আছেন। তার উপস্থিতি গানের প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ও মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’