গ্যাসের চুলা পরিষ্কার করবেন কীভাবে

রান্না করতে গিয়ে গ্যাস ওভেনের ওপর তেল-মসলা ছিটকানো, ওভেনের ওপর ভাতের ফ্যান ও দুধ উপচে পড়া প্রায় প্রতিটি রান্নাঘরেরই একই চিত্র। তাই প্রতিদিনই রান্নাঘরের চুলা পরিষ্কার করতে হয়। না হলে ময়লা জমে চুলা খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

লেবুর রসের মতো লেবুর খোসাও কিন্তু নানা কাজে লাগে। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। তারপর লেবুর খোসাতে ওই মিশ্রণটি নিয়ে গ্যাসের ওপরে ঘষে ঘষে দাগ-ছোপ তুলে নিন।

পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বিভিন্ন ঘরোয়া কাজেও পেঁয়াজ ব্যবহার করা যায়। গ্যাস পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন পেঁয়াজ। কয়েক টুকরো পেঁয়াজ সেদ্ধ করে সেই পানি গ্যাস ওভেনে ঢেলে স্ক্রাবার দিয়ে ঘষুন। নিমেষেই উঠে যাবে গ্যাসের সব দাগ।

চুলা পরিষ্কার করতে ব্যবহার করুন বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং ভিনিগার মিশিয়ে নিন ভালো করে। তারপর এই মিশ্রণটি দিয়ে গ্যাস পরিষ্কার করুন।

লবণ এবং বেকিং সোডার মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। সেই পেস্ট ওভেনে মাখিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে নিন। তেলচিটে দাগ একেবারে পরিষ্কার হয়ে যাবে।

ভিনেগারও বিভিন্ন ঘরোয়া কাজে সাহায্য করে। গ্যাসের ওপর কয়েক ফোঁটা ভিনেগার ছড়িয়ে রাখুন কিছুক্ষণ। তারপর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে গ্যাসের চুলা।