যশোরে

পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

যশোরের কেশবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মধ্যকুল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

নিহত কাফিউজ্জান (২২) উপজেলার মধ্যকুল গ্রামের আমজেদ হোসেনের ছেলে ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আহত মিজানুর রহমান আলতাপোল গ্রামের খোকন মাতবরের ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,  রাতে কাফিউজ্জান ও মিজানুর রহমান মোটরসাইকেলে কেশবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যকুল এলাকায় যশোরগামী একটি পিকআপ ভ্যান সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কাফিউজ্জান ও মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক কাফিউজ্জানকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা শঙ্কাজনক বলে জানা গেছে।