পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংক কর্মকর্তা শামীমকে গ্রেফতার করে পিরোজপুর নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। তিনি বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া শামীম শেখের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পিরোজপুরের পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু নাসের।
জানা যায়, পিরোজপুরের সাবেক এমপি এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পাঁচ ভাইয়ের মধ্যে শামীম শেখ ছিলেন চতুর্থ। মন্ত্রীসহ বাকি ভাইয়েরা রাজনীতিতে সক্রিয় থাকলেও শামীম চাকরিজীবী ছিলেন এবং ঢাকায় বসবাস করতেন। তবে গত ৫ আগস্টের পর শামীম শেখ তার ভাইদের সাথে মামলায় আসামি হন।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানায় একটি ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার আসামি শামীম শেখ। গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামীমের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক গ্রামের শরিফুজ্জামান সিকদার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়। এ মামলায় তাদের তিন ভাইকে (মন্ত্রীসহ) আসামি করা হয়। এছাড়া জেলার নাজিরপুর থানায় অপর দুটি মামলায় আসামি হিসেবে উল্লেখ আছে শামীম শেখের নাম।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পিরোজপুরের দুই থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে সদর থানায় একটি ও নাজিরপুর থানায় দুটি মামলা বলে জানান তিনি।